Last Updated on July 11, 2026
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় চার দিনব্যাপী ৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে।
শনিবার (১১ জুলাই) রাজধানীর মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে এ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা চলবে ১১ থেকে ১৪ জুলাই পর্যন্ত।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিকেল ৪টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান শাহীন।
আরও পড়ুন
সুইমিংপুলে ঝড় তুলে দুই দিনে ৬ রেকর্ডসহ ৭ স্বর্ণ রাফির
এবারের প্রতিযোগিতায় চার দিনে সাঁতারে ১০০টি এবং ডাইভিংয়ে ৬টিসহ মোট ১০৬টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। প্রথম দিনে নির্ধারিত ২৪টি সাঁতার ইভেন্টের মধ্যে ২৩টি এবং ডাইভিংয়ের দুটি ইভেন্ট সম্পন্ন হয়েছে।
প্রথম দিনে নির্ধারিত ২৪টি সাঁতার ইভেন্টের মধ্যে ২৩টি এবং ডাইভিংয়ের দুটি ইভেন্ট সম্পন্ন হয়েছে/ছবি: সংগৃহীত
উদ্বোধনী দিনেই সাঁতারে পাঁচটি ও ডাইভিংয়ে একটিসহ মোট ৬টি নতুন জাতীয় রেকর্ড গড়া হয়েছে, যা প্রতিযোগিতায় বাড়তি উচ্ছ্বাস যোগ করেছে।
পদক তালিকায় প্রথম দিনের শেষে বিকেএসপি ১৫টি স্বর্ণ, ১১টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ জিতে শীর্ষে রয়েছে। মেঘনা মোহনা সুইমিং ক্লাব, চাঁদপুর তিনটি স্বর্ণ, একটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। একই সংখ্যক পদক নিয়ে নিকলী সুইমিং ক্লাব, কুষ্টিয়াও যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
আগামী ১৪ জুলাই প্রতিযোগিতার পর্দা নামবে।
টিটি/এমএমকে