Last Updated on July 11, 2026
বগুড়ায় হত্যা, অস্ত্র ও ছিনতাইসহ একাধিক মামলার আসামি আরিফ শেখ (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে শহরের লতিফপুর কলোনি এলাকায় প্রীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে, ‘লোক ভাড়া করে’ আরিফ শেখকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন নিহতের বোন রুমি বেগম।
নিহত আরিফ শেখ বগুড়া শহরের লতিফপুর কলোনি এলাকার আজিজ শেখের ছেলে।
স্বজনদের দাবি, প্রায় ১০ লাখ টাকার লেনদেনকে কেন্দ্র করে আরিফের সঙ্গে তার ঘনিষ্ঠ কয়েকজনের বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেল থেকেই প্রতিপক্ষের লোকজন তাকে খুঁজছিল। পরে গভীর রাতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রাত ১টার দিকে স্থানীয়রা রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় আরিফের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের বোন রুমি বেগম অভিযোগ করে বলেন, আমাদের মামা বাদলের কাছে আরিফ ১০ লাখ টাকা পেত। সেই টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে মামা বাদল লোক ভাড়া করে সেলিম, জীবন ও নাহিদসহ আরও কয়েকজনকে দিয়ে আমার ভাইকে নৃশংসভাবে হত্যা করিয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের রেকর্ড অনুযায়ী, নিহত আরিফের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
ওসি আরও বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।
Source: Kalbela News