উত্তরায় ১১ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে ষাটোর্ধ্ব বৃদ্ধ আটক

Last Updated on July 11, 2026

রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকার একটি বস্তিতে ১১ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মান্নান নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) বিকেলে চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির মামা মো. সোলেমান বলেন, কয়েক মাস আগে অভিযুক্ত মান্নান ও তার স্ত্রী বেড়ানোর কথা বলে শিশুটিকে ময়মনসিংহের গ্রামের বাড়ি থেকে ঢাকায় নিয়ে আসেন। এরপর পরিবার শিশুটির খোঁজখবর নিলে মান্নান জানান, সে ভালো আছে। তবে গত ৭ জুলাই মান্নান ফোন করে জানান, শিশুটি অসুস্থ হয়ে পড়ায় কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, এতে পরিবারের সদস্যদের সন্দেহ হলে ওইদিন রাতে শিশুটির সঙ্গে কথা বলেন তারা। এ সময় শিশুটি জানায়, উত্তরার হাউজ বিল্ডিং এলাকার একটি বস্তির দোকানের ভেতরে সে যৌন হয়রানির শিকার হয়েছে। এরপর বিষয়টি উত্তরা পশ্চিম থানা পুলিশকে জানানো হয়।
পরবর্তীতে আজ বিকেলে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। শিশুটির গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর এলাকায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, উত্তরা থেকে অসুস্থ অবস্থায় এক শিশুকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। যৌন হয়রানির অভিযোগে মান্নান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
কাজী আল-আমিন/এমএএইচ/

Scroll to Top