একজনকে ঘোরানো হলো বাঁশে বেঁধে, অন্যজন নাচলেন গানের তালে

Last Updated on July 11, 2026

শরীয়তপুরের জাজিরায় ৮০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছেন স্থানীয়রা। পরে তাদের মধ্যে একজনকে চ্যাংদোলা করে বাঁশের সঙ্গে বেঁধে এলাকায় ঘোরানো হয়। আরেকজনকে গানের তালে নাচিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ ডুবলদিয়া কাজী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুই যুবক হলেন উপজেলার আড়াচন্ডি এলাকার মুজিবর দারগার ছেলে অপু দারগা এবং একই এলাকার মোসলেম দারগার ছেলে সাজু দারগা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে উপজেলার দক্ষিণ ডুবলদিয়া কাজী কান্দি এলাকায় ওই দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। বিষয়টি স্থানীয় কয়েকজন যুবকের নজরে এলে তারা ওই দুজনের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকেন। একপর্যায়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা আটক করলে তাদের কাছে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এসময় ওই দুই যুবকের একজনকে চ্যাংদোলা করে বাঁশের সঙ্গে বেঁধে এলাকায় ঘোরানো হয়। অপরজনকে গানের তালে নাচিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ ঘটনার বেশকিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। এদের মধ্যে একজনের হাত ও পা বেঁধে একটি বাঁশে করে এলাকায় ঘুরাচ্ছেন কয়েক ব্যক্তি। অপর যুবককে গানের তালে নাচতে বাধ্য করছেন স্থানীয়রা।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমদ বলেন, ‌‘ওই দুই যুবককে ৮০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে তাদের থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
বিধান মজুমদার অনি/এসআর
 
 

Scroll to Top